নওগাঁর নিয়ামতপুরে শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে না পেরে দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম । মাঠে নেমে কৃষকের ধান কেটে দিয়েছেন কৃষি অফিসার, যা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের কানইল (গোবরার) মোড় এলাকায় পরিদর্শনে গিয়ে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের অন্যান্য কর্মচারীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “বর্তমানে শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। কৃষকের কষ্ট লাঘবে আমরা মাঠে নেমে তাদের সহযোগিতা করছি। কৃষকের পাশে থাকাই আমাদের দায়িত্ব।”
স্থানীয় কৃষকরা জানান, ধান পাকলেও শ্রমিক না পাওয়ায় অনেকেই দুশ্চিন্তায় ছিলেন। কৃষি অফিসের কর্মকর্তারা মাঠে এসে ধান কাটায় তারা অনুপ্রাণিত হয়েছেন।
কৃষক আব্দুল খালেক বলেন, “কৃষি অফিসার ও উপসহকারী অফিসার সহ আমাদের সঙ্গে মাঠে নেমে ধান কাটবেন, এটা কখনও ভাবিনি। এতে আমরা অনেক সাহস পেয়েছি।”
এদিকে কৃষি বিভাগের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, সরকারি কর্মকর্তাদের এ ধরনের কার্যক্রম কৃষকদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।